মুন্সীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার। এ সময় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদকের বিস্তার রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, শহরের যানজট নিরসন এবং গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি জানান।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করবে। মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি যানজট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, বাল্যবিবাহ, আত্মহত্যা, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাইবার বুলিং প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. আকবর আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব