মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর্যটন সার্কিট গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সাটুরিয়ায় স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় মানিকগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর উন্নয়ন এবং পর্যটন খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
এ সময় সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদারবাড়িসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানকে পর্যটন সার্কিটের আওতায় এনে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়নে বরাদ্দ প্রাপ্তি, প্রয়োজনীয় অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা নির্মাণের সম্ভাবনা নিয়েও মতামত তুলে ধরেন অংশীজনেরা।
সভায় সাটুরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন হস্তশিল্পের প্রতিনিধি, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব