Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

ওয়ালটনের প্রথম প্রান্তিকে বিক্রয় বেড়েছে ১৫.৭৪ শতাংশ, মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৮:০৬ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সামষ্টিক অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যেও চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিক্রয় ও মুনাফায় প্রবৃদ্ধি অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

কোম্পানিটির পরিচালন দক্ষতা বৃদ্ধি, কার্যকরী মূলধনের সর্বোত্তম ব্যবহার এবং আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে সময়োপযোগী কৌশলগত পরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পরে প্রকাশিত ওই প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের নিট বিক্রয় বা রেভিনিউ হয়েছে ১ হাজার ৬৭৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট বিক্রয় বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ।

এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২২০ কোটি ৮৯ লাখ টাকা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬৩ পয়সা।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ২৮৭ টাকা ৬ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮ টাকা ১ পয়সা।

প্রকাশিত আর্থিক প্রতিবেদনে আরও জানানো হয়, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে। তবে এ সময়ে কোম্পানিটি ইতিবাচক নিট পরিচালন নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে।

কোম্পানির পরিচালন দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, দেনাদারদের কাছ থেকে পাওনা আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্র যথাযথভাবে পরিচালনা এবং তারল্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝