Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

২৯ অক্টোবর শুরু তিন দিনের পর্যটন মেলা: অংশ নিচ্ছে ১৬ দেশ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। মেলায় অংশ নিতে ১৫টি দেশের পর্যটন খাতের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। স্বাগতিক বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশের সংখ্যা দাঁড়াচ্ছে ১৬।

টুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত আন্তর্জাতিক এ মেলার এটি ১৪তম আসর। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩১ অক্টোবর পর্যন্ত মেলা চলবে।

অংশগ্রহণকারী বিদেশি দেশগুলো হলো নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনেই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান।

এবারের মেলার প্রতিপাদ্য 'এআই-চালিত পর্যটন, টেকসই গন্তব্য'। আয়োজকেরা জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, পরিবেশবান্ধব ভ্রমণ এবং আন্তর্জাতিক পর্যটন যোগাযোগ মেলায় গুরুত্ব পাবে। পর্যটন সেবা, গন্তব্যের প্রচার ও গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও আলোচনা হবে।

মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার বড় মঞ্চ হবে এ মেলা। একই সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণ ও আতিথেয়তা খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার হবে বলে তিনি জানান।

হানিফ আরও বলেন, মেলায় ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়বে, দেশীয় পর্যটন আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা যাবে এবং বাংলাদেশের পর্যটন উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চারটি প্রদর্শনী হলে ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। অংশ নেবে ২২০টির বেশি প্রদর্শক। এ ছাড়া অন্তত ২৫০ জন যোগ্য ক্রেতা ও প্রায় ২ হাজার ৫০০ ব্যবসায়ী দর্শনার্থী মেলায় আসবেন বলে আশা করা হচ্ছে। তিন দিনে ৬০ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা। মেলায় ২০০টির বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে।

মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্স পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝