রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন তিনজনকে মনোনয়ন দিয়েছে সরকার। তাঁদের মধ্যে দুজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। অন্যদিকে সোনালী ব্যাংকের বর্তমান এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরও এক বছর ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পৃথক চিঠির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানিয়েছে। মনোনীত তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোর পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলমকে জনতা ব্যাংকের এমডি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় তিনি তাঁর চুক্তির বাকি এক বছর দায়িত্ব পালন করতে পারবেন।
তবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) ও রূপালী ব্যাংকের এমডি পদে এখনো কাউকে মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এফপি/মিব