যমুনা সেতুর চলমান সংস্কারকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। পট বিয়ারিং ও সিসমিক ডিভাইস প্রতিস্থাপনের কাজ আগামী নভেম্বরের মধ্যে এবং ডেক সংস্কার ও সড়ক প্রশস্তকরণের কাজ ঈদুল ফিতর ২০২৭-এর আগে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রোববার চীনের তিনটি প্রতিষ্ঠান সিসিসিসি, সিআরবিসি ও এসএইচইসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ তাগিদ দেন। বৈঠকে সংস্কারকাজের অগ্রগতি, গুণগত মান ও নির্ধারিত সময়সীমা নিয়ে আলোচনা হয়।
সেতুর বিয়ারিং ও সিসমিক ডিভাইস প্রতিস্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন সচিব। পাশাপাশি ডেক পুনর্বিন্যাস, অব্যবহৃত রেলট্র্যাক অপসারণ ও সড়ক প্রশস্তকরণকাজ দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি।
এসব কাজ সম্পন্ন হলে সেতুর বর্তমান সীমিত প্রস্থের চার লেনের সড়ক মানসম্মত চার লেনে উন্নীত হবে। এতে যানবাহন চলাচলের সক্ষমতা বাড়ার পাশাপাশি ঈদে উত্তরবঙ্গ ও ঢাকামুখী যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।
চীনা প্রতিনিধিদল নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে জানায়, এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এফপি/অ