কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দুটি দানবাক্স খুলে এবার ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে এ অর্থ গণনা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও সাংবাদিকদের উপস্থিতিতে দানবাক্স দুটির সিলগালা খোলা হয়।
পরে লালন একাডেমি ভবনের চতুর্থ তলায় প্রায় তিন ঘণ্টা ধরে অর্থ গণনা শেষে মোট ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া যায়।
এর আগে গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। সেদিন দুটি দানবাক্স থেকে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়। পরদিন ওই অর্থ লালন একাডেমির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসবকে কেন্দ্র করে বছরে চারবার মাজারের দানবাক্স খোলা হয়। এরই ধারাবাহিকতায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের সাত দিন পর দানবাক্স দুটি খোলা হয়েছে।
তিনি আরও জানান, এবার পাওয়া ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা সোমবারই লালন একাডেমির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
এফপি/মিব