মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বাহিনীটি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।
এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
‘মা ইলিশ সংরক্ষণ-২০২৬’ কর্মসূচি সফল করতে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছে কোস্ট গার্ড।
পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত দায়িত্ব পালন করছে বাহিনীটি।
‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য’-এই বার্তা সামনে রেখে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলে ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড।
একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর অনুরোধ করা হয়েছে।
এফপি/মিব