Dhaka, Monday | 26 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 26 October 2026 | English
শিরোনাম:

কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৩:৪৩ পিএম  (ভিজিটর : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় আরও এক যুবক চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার দিঘলীয়া গ্রামের বাসিন্দা মনোতোষ হালদার (৩৮) ও কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪) মারা গেছেন। মনোতোষ ওই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে এবং কৃষ্ণকান্ত গেদু বাড়ৈর ছেলে। অসুস্থ অপর যুবকের নাম অনিল বাড়ৈ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল একসঙ্গে মদ্যপান করেন। এর কয়েক ঘণ্টা পর তাঁরা অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদার এবং রবিবার কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যান। মনোতোষ ঢাকার পপুলার হাসপাতালে এবং কৃষ্ণকান্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন পাশের খাগবাড়ি গ্রামে ডেকোরেটরের কাজ করতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে কৃষ্ণকান্তকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার জানান, পূজার কাজে গিয়ে তাঁর ভাই পানি জাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে দুই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এবং তাঁরা কী ধরনের পানীয় পান করেছিলেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝