Dhaka, Monday | 26 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 26 October 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম  (ভিজিটর : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ফেসবুকের ভুয়া আইডি থেকে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের কাটাখালী এলাকার মো. ফাহিম মোল্লা (২১), মো. রবিন মোল্লা (২২) ও জিসান দেওয়ান (২০)। সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী পোশাক পরিবর্তনের সময় কৌশলে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে ‘লামিয়া খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় ধারণ করা ভিডিও পাঠিয়ে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানির ভয় দেখিয়ে তাঁর কাছে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।

ঘটনাটি জানার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই মো. ইয়াকুব হোসেন, এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। রোববার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে। তাঁদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝