Dhaka, Monday | 26 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 26 October 2026 | English
শিরোনাম:

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

নাগরিকদের অভিযোগ শুনে দ্রুত সমাধানের নির্দেশ, হকারদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম  (ভিজিটর : ৯)

রাজপথ দখলমুক্ত রাখা এবং নাগরিক সেবায় অবহেলার অভিযোগে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগান গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ১৫ থেকে ২১ নম্বর ওয়ার্ডের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

সভায় ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার বাসিন্দারা জলাবদ্ধতা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবার সমস্যা তুলে ধরেন। প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এসব বিষয়ে ব্যাখ্যা নিয়ে দ্রুত সমাধানের নির্দেশ দেন।

মো. আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। নিউমার্কেটসহ আশপাশের প্রধান সড়ক থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে। তবে শৃঙ্খলা মেনে ব্যবসা পরিচালনাকারীদের জন্য মতিঝিলের আদলে নৈশকালীন মার্কেটের মতো বিকল্প ব্যবস্থা গড়ে তোলার সুযোগ রাখা হবে।

তিনি আরও বলেন, নাগরিকদের সেবা পাওয়া মৌলিক অধিকার। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি থাকলে তা সরাসরি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম নগরসেবা উন্নয়নে নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি সব শ্রেণির নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝