চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৭ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে এ অভিযান চালানো হয়।
ব্যাটালিয়নের অধীন তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানটি সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৫০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এফপি/মিব