মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২০০ টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নিতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনাকবলিত জাহাজের স্টাফদের বরাত দিয়ে জানা গেছে, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয়েছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের তেলবাহী ট্যাংকারটির সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে কয়লাবোঝাই কার্গোটি ডুবে যায়।
ডুবে যাওয়া এমভি ফুলবাড়ী জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল।
তবে জাহাজটি পশুর চ্যানেলের মূল নৌপথের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, “পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।” ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
এফপি/মিব