খুলনা নগরীর নিরালা এলাকার ১৭ নম্বর সড়কে সালমান (২৩) নামে এক যুবককে গুলি করে তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত সালমান খুলনা নগরীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সালমান নিরালা এলাকার ১৭ নম্বর সড়কে ক্যামেল সিগারেট কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ সালমানকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এফপি/মিব