খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে ছাত্রদলের এক সাবেক নেতা গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।আহত সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহেল শেখ মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বটিয়াঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এফপি/মিব