রংপুরের কাউনিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন।
সভায় আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজ বাবু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।
এফপি/মিব