বরগুনার তালতলীতে কিশোরীদের ক্ষমতায়ন, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে দিনব্যাপী ‘পিয়ার লিডার প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) তালতলী কারিতাস কার্যালয়ের হলরুমে কারিতাস ইটালিয়ানার অর্থায়নে ‘সংলাপ প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। তিনি কিশোরীদের বাল্যবিয়ে রোধ, মাদকাশক্তি দূরীকরণ, নারী শিক্ষার প্রসার এবং তাদের সার্বিক ক্ষমতায়নে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকাশক্তি দূরীকরণ, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সঠিক নারী শিক্ষা এবং নিজেদের আইনি অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। এই প্রশিক্ষণ কিশোরীদের মাঝে নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এফপি/অ