খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ প্রদান এবং চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
গত ২৭ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের পক্ষে সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অনুলিপি বিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সফট স্কিল উন্নয়নের মধ্য দিয়ে তাঁদের কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি আরও সহজ হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের যোগ্যতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. এস এম সালাউদ্দীন, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেট ইউনিটের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের এমপ্লয়মেন্ট ম্যানেজার মো. আলিমুল আজিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ক্যারিয়ার হাবের ক্যারিয়ার কাউন্সেলর ফারহা রহমান তমা। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালকবৃন্দ এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্র্যাকের সহযোগিতায় একটি ক্যারিয়ার হাব প্রতিষ্ঠা ও পরিচালনা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় ক্যারিয়ার উন্নয়নবিষয়ক দক্ষতা ও উপকরণ সরবরাহের মাধ্যমে তাঁদের কর্মসংস্থানযোগ্যতা ও আত্মবিশ্বাস বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, বিদ্যমান চ্যালেঞ্জ ও দক্ষতার ঘাটতি বিবেচনায় নিয়ে তাঁদের উপযুক্ত ক্যারিয়ার নির্বাচনে দিকনির্দেশনা দেওয়া হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, ক্যারিয়ার হাবে শিক্ষার্থীদের পেশাগত পরামর্শ ও ক্যারিয়ার কাউন্সেলিং দেওয়া হবে। পাশাপাশি চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, যোগাযোগদক্ষতা বৃদ্ধি, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি এবং সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পদের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মশালা ও অন্যান্য সহায়ক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়ন এবং বিভিন্ন পেশা ও ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। একই সঙ্গে চাকরির বাজারের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতার সামঞ্জস্য তৈরিতে সহায়তা করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি জোরদার হবে। পাশাপাশি তাঁদের পছন্দের পেশা নির্বাচন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
এফপি/মিব