মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকার একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম মাঝি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝি ও আমেনা বেগমের ছেলে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেশ্বর এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দাম মাঝির দখল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাদ্দাম মাঝির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/মিব