Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে নারী আটক, উদ্ধার ৪ বছরের শিশু

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিটর : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চার বছর বয়সী এক শিশুকে নিয়ে চলে যাওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে শিশুটিকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আটক নারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতালের তৃতীয় তলায় লিফটের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। তাঁদের নজরে আসে, এক নারী একটি শিশুকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা ওই নারীকে থামিয়ে তাঁর পরিচয় এবং শিশুটির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান।

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে শিশুটির নানি বলে দাবি করেন। তবে তিনি হাসপাতালের কোন ওয়ার্ডে এবং কী কারণে এসেছেন, সে বিষয়ে তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরে শিশুটিসহ ওই নারীকে আটক করা হয়। আটক নারীর নাম মোছা. হাজেরা (৫২)। তাঁর বাড়ি রাজবাড়ী সদর এলাকায় বলে জানা গেছে।

এদিকে শিশুটির অভিভাবকের সন্ধানে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজ চালান আনসার সদস্যরা। একপর্যায়ে হাসপাতালের ৩১৬ নম্বর ওয়ার্ডে শিশুটির বাবা রবিউল ইসলামকে পাওয়া যায়। তিনি জানান, আটক নারীকে তিনি চেনেন না। তিনি শিশুটিকে রেখে ওয়াশরুমে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন, এক নারী তাঁর মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। আটক নারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সময় দায়িত্বে ছিলেন আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. সাদেক হোসেন বাচ্চু, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আব্দুর রাজ্জাক রহমান এবং আনসার সদস্য মো. মিনারুল ইসলাম।

সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে শিশুটিকে উদ্ধার করায় আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির বাবাও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝