স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি ও অন্যান্য স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কার্যক্ষমতা পুনরুদ্ধার এবং পুনর্বাসনসেবার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬: অ্যাডভান্সড এক্সপেরিয়েন্স শেয়ারিং অপরচুনিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিএমঅ্যান্ডআর) বিভাগের উদ্যোগে এবং জেনেরাস কো. লিমিটেডের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। আয়োজক কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল অনুষ্ঠান সঞ্চালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।
কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনেরাস কো. লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে নিউরো রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে বিদ্যমান অভিজ্ঞতা বিনিময়, চিকিৎসাসেবার মানোন্নয়নের সুযোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের মতে, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি ও অন্যান্য স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কার্যক্ষমতা পুনরুদ্ধার, দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিউরো রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমন্বিত পুনর্বাসনসেবা রোগীদের দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার, সামাজিক জীবনে পুনরায় অংশগ্রহণ এবং স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা বাড়াতে সহায়তা করে।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি বাংলাদেশে আধুনিক, সমন্বিত ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণ এবং নিউরো রিহ্যাবিলিটেশন ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।
এফপি/মিব