Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম  (ভিজিটর : ৭)

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রিপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীকে মারধর ও লাঞ্ছিত করা এবং আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনকে কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতারা। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১ অক্টোবর জেনারেল সার্টিফিকেট আদালতে সি.সি. মামলা নং ১৭৫/২৬-এর শুনানিকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের কক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এডিসি রিপন কুমার বিশ্বাস। একপর্যায়ে তাঁর গলার টাই ধরে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন গত ২৬ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে এডিসির আমন্ত্রণে তাঁর কক্ষে যান। সেখানে কথোপকথনের একপর্যায়ে তাঁকে প্রায় ৪৫ মিনিট কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং এডিসির অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন আইনজীবীকে লাঞ্ছিত করা মানে দেশের ৮০ হাজার আইনজীবী সমাজকে অসম্মান করা। তাঁরা অভিযোগ করেন, এডিসি রিপন কুমার বিশ্বাস এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের সঙ্গে বিরোধের জেরে তিনবার আদালত বর্জনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অ্যাডভোকেট আকবর আলীসহ প্রায় ১০ জন আইনজীবী তাঁর অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, এডিসি রিপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে আইনজীবী সমাজের একটি অংশের সঙ্গে বৈরী আচরণের অভিযোগ রয়েছে। তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও বক্তব্য দেন তাঁরা। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

অ্যাডভোকেট মো. নুরুল আমিন তাঁর বক্তব্যে একটি অর্পিত সম্পত্তিসংক্রান্ত মামলার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, অর্পিত মামলা নং ৮০৯/২০১২-এর রায় হয় ২০২৩ সালের ১৮ এপ্রিল এবং ডিক্রি হয় ২৪ এপ্রিল। তাঁর নিয়োগ দেওয়া হয় ২০২৫ সালের ৪ মে। তাঁর দাবি, পূর্ববর্তী আইনজীবী অ্যাডভোকেট প্রবীর মণ্ডল নির্ধারিত সময়ে আপিল করেননি। এ কারণে তামাদিসংক্রান্ত আইনি জটিলতা তৈরি হয়। বিষয়টি নিয়ে তাঁকে যথাযথভাবে অবহিত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরোও বলেন, দীর্ঘ ২ বছর তামাদির মধ্যে পূর্বের আইনজীবী অ্যাডভোকেট প্রবীর মন্ডল আপিল করেনি। অর্পিত আইনে আপিলের ক্ষেত্রে ১৮ ধারায় বলা হয়েছে ৪ এর ২ ধারা মতে রায় প্রকাশের ৪৫ দিনের মধ্যে আপিল মামলা করতে হয়। তামাদি আইনে ৫ ধারা মতে কোনো গ্রহনযোগ্য নহে। সেক্ষেত্রে তামাদি পিটিশন দিয়ে কোনো লাভ নাই। সেকারনে তামাদি দোষ করলে অ্যাডভোকেট প্রবীর কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেই। অ্যাডভোকেট নুরুল আমিনকে নোটিশ করে অবগত করাননি।

নুরুল আমিন আরও বলেন, তাঁর বিরুদ্ধে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, গত ২৬ অক্টোবর মানববন্ধনের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের কাছে তাঁকে নিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা বলা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট ইব্রাহিম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট  হেলালুজ্জামান, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট শাহাজান, অ্যাডভোকেট জগলু,অ্যাডভোকেট একরাম, অ্যাডভোকেট জাহিদুর রহমানসহ শতাধিক আইনজীবী।

মানববন্ধন থেকে এডিসি রিপন কুমার বিশ্বাসকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, তাঁদের দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনসহ লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করা হবে। তাঁরা বিষয়টি মাননীয়  প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত আইন মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণের কথাও জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝