বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পরিষদের অ্যানেক্স ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া। সঞ্চালনা করেন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মোহাম্মদ, রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মং ক্যউ চিং মারমা সাগর, ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা পরিষদ সদস্য সুপর্ণ দেব বর্মন এবং জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভা শুরুর আগে প্রেজেন্টেশনের মাধ্যমে রাঙ্গামাটি জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় পানি সরবরাহ, স্যানিটেশন কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।
আলোচনা সভার আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে একই প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার সঠিক নিয়ম ও এর গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এফপি/মিব