পিরোজপুরের নেছারাবাদে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় এক যুগেরও বেশি সময় ধরে উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন পদপ্রত্যাশী নেতারা। একই সঙ্গে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে স্বরূপকাঠি পৌর শহরে জড়ো হন। পরে উপজেলা বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সম্পাদক মো. মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হাসান, যুবদল নেতা মো. রেজাউল হাসান সুজন, মো. আব্দুল্লাহ আল যুবায়ের ও মারুফ তালুকদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
অন্যদিকে, সকাল ১০টায় স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির সামনে থেকে আরেকটি র্যালি বের করা হয়। র্যালিটি ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর প্রদক্ষিণ করে ফজিলা রহমান মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু ও সোহেল মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হান, যুবনেতা আজিম হাওলাদার, কাজী রাকিব, রনি, খোকন, নুর জামাল, সুমন হোসেন, আখতার হোসেন ও মোহাম্মদ মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর যুবদলের নতুন কমিটি গঠনের দাবি জানান।
বক্তারা বলেন, এক যুগেরও বেশি সময় ধরে নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর যুবদলের পূর্ণাঙ্গ কার্যকর কমিটি নেই। আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হলেও পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে তাঁরা দাবি করেন। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দ্রুত নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এফপি/মিব