মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও আইসক্রিম তৈরি এবং সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে সিরাজ হোটেল ও দুলাল আইস ফ্যাক্টরিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আসিফ আল আজাদ জানান, অভিযান পরিচালনা করার সময় দেখা যায় সিরাজ হোটেলে একই ফ্রিজে কাঁচা মাছ ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া রান্না করা খাবার উন্মুক্ত স্থানে রাখা এবং খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজমুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, দুলাল আইস ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির কর্মচারী গৌতম মণ্ডলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গিবাড়ী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এফপি/মিব