| শিরোনাম: |

সংগৃহীত ছবি
বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বেকারত্ব নিরসনে উচ্চশিক্ষাসহ সব পর্যায়ে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ও আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করে। এ সময় তাঁরা জানান, জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি।
এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে এ পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি ব্যয় করার বিষয়টিও রাষ্ট্রপতিকে জানানো হয়। মেধার বিকাশ, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে এ অর্থ ব্যয় করা হয়েছে বলে প্রতিনিধিদল জানায়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
এফপি/মিব
রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ আটক ১০
কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নিখোঁজ দুজনের একজনের মরদেহ উদ্ধার
মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে ভিড়ল বিদেশি জাহাজ
সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন