ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনে এক দম্পতি ও তাঁদের শিশুসন্তান আহত হয়েছেন। ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আল আমিন, রাজধর, রাহিম ও মাওলানা এরশাদের পরিবার। তাঁদের মধ্যে আল আমিন পেশায় একজন ফেরিওয়ালা।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরের ছাউনি, দরজা-জানালা, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, নগদ টাকা, ধান, চাল, কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশার চালক রাজধর জানান, রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে তিনি আল আমিনের ঘরে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘুম থেকে জেগে ওঠেন। পরে মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করা হলে গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় আল আমিন, তাঁর স্ত্রী ফাতেমা ও তাঁদের শিশুসন্তান আব্দুল্লাহ আহত হন। রাজধর জানান, আহত তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক। তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী।
এনামুল হক জানান, অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তা দিয়েছেন। এ ছাড়া বাল্বহেড নৌকা সমবায় সমিতির পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে এলাকাবাসী সম্মিলিতভাবে তাঁদের ঘরবাড়ি পুনর্নির্মাণের উদ্যোগ নেবেন।
এ বিষয়ে সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা পেতে আবেদন করতে বলা হয়েছে। তাঁদের আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।
এফপি/মিব