Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম  (ভিজিটর : ২৫)

রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাপ্পি কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী ফয়সল জাহাঙ্গীর স্বপ্নীল। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল হুদা বলেন, সুস্থ থাকতে হলে প্রত্যেকের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। খাবার গ্রহণের আগে ও পরে এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। পাশাপাশি জীবাণুর বিস্তার রোধ, সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে এবং সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আসবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝