Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

আনসার-ভিডিপির প্রশিক্ষণ সক্ষমতায় নতুন মাইলফলক, উদ্বোধন হলো প্রশিক্ষণ কেন্দ্র

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ৩১)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানো এবং সদস্যদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি), ‘প্রান্তিক স্কাই’ ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর কাছে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন ও লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সকাল ১০টায় মন্ত্রী একাডেমিতে পৌঁছালে তাঁকে স্বাগত জানানো হয়। পরে প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে সংক্ষিপ্ত ব্রিফিং ও চা-চক্র অনুষ্ঠিত হয়। এরপর মন্ত্রী ও অতিথিরা বাগি কারে একাডেমি প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং ফিতা কেটে নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎভিত্তিক গ্রিন এনার্জি প্রশিক্ষণ কার্যক্রম এবং ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস ঘুরে দেখেন। এ ছাড়া তিনি কুটিরশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও ল্যাঙ্গুয়েজ ল্যাব, আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ শেড পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণের আধুনিক সুযোগ-সুবিধা ও কর্মমুখী কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে একাডেমি প্রাঙ্গণে দরবার হলের কাছে একটি স্মারক বৃক্ষরোপণ করেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় একাডেমির অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লিক করে ‘প্রান্তিক স্কাই’ ও স্মার্ট ‘ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনজন জাপানি অংশীদার প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব বিষয়ে তাঁদের সন্তোষ প্রকাশ করেন।

স্বাগত বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে। জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনের জন্য দক্ষতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে। নবউদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। পাশাপাশি নিজস্ব গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাহিনীটির সহযোগী প্রতিষ্ঠান প্রান্তিক শক্তি লিমিটেডের কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী আরও বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো টিটিসির সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা প্রমাণের পাশাপাশি বৈধ প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক শক্তি লিমিটেডের রিক্রুটিং লাইসেন্স অর্জন এবং আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালুর ফলে আনসার-ভিডিপির সদস্যদের জন্য বৈধ ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি, প্রযুক্তিগত ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা, দালালচক্রের শোষণ প্রতিরোধ এবং বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ শর্তের ‘প্রবাসী লোন’ এবং ‘প্রান্তিক স্কাই’ ও ফেসিয়াল অ্যাটেনডেন্সের মতো ডিজিটাল সেবা বিদেশগামী কর্মীদের আর্থিক সহায়তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সহজ করতে সহায়ক হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বাহিনীর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল এবং আমন্ত্রিত অতিথিরা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝