Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

পাইকগাছার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি: বাপ্পী

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম  (ভিজিটর : ৭০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দক্ষ অভিভাবকত্বের অভাব এবং ফ্যাসিবাদী শাসনামলের লুটপাটের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রা উপজেলা।

তিনি বলেন, সুন্দরবনের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং কৃষি ও মৎস্য খাতের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত রয়েছে এ অঞ্চল। লুটপাট ও নৈরাজ্যের কারণে কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন হয়নি। কখনো উন্নয়নের প্রতিশ্রুতি, আবার কখনো ধর্মকে ব্যবহার করে এ অঞ্চলের সহজ-সরল মানুষের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। মানুষ আর প্রতারিত হতে চায় না। তারা এখন দৃশ্যমান উন্নয়ন চায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাইকগাছা জিরো পয়েন্ট এলাকার নিজ কার্যালয়ে খুলনা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আওতাধীন পাইকগাছা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মান বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে বাপ্পী বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুশৃঙ্খল ও আধুনিক বাস টার্মিনাল নির্মাণ। পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে এটি অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বাস টার্মিনাল না থাকায় অধিকাংশ বাস সড়কের ওপর রাখা হয়। এতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়।

জমিসংক্রান্ত জটিলতা নিরসন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বর্তমান টার্মিনাল সংকটের কারণে সৃষ্ট যানজট ও যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা দ্রুত আধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে বাস মালিক সমিতির পক্ষ থেকে এসএম মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সমিতির পাইকগাছা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহসভাপতি অমরেশ কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, শেখ রুহুল কুদ্দুস ও মোস্তফা মোড়ল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সুরঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আনোয়ারুল ইসলাম ও কালীদাশ সাধু, শ্রমিক ইউনিয়ন শাখা কমিটির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বাবলু গাজী, রুট কমিটির সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক শুকুর আলী, চিফ স্টার্টার জালাল আহমেদ এবং স্টার্টার লাচ্ছু।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝