সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশ মেডিকেয়ার। প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ম. আ. মুহিত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত সভায় তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সাধারণ মানুষের কাছে মানসম্মত ও আস্থাপূর্ণ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে দেশ মেডিকেয়ার। বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক পরামর্শ প্রতিষ্ঠানটির পথচলাকে আরও সুদৃঢ় করেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা একটি মহৎ দায়িত্ব। দেশ মেডিকেয়ার শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং জনকল্যাণ এবং চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই কাজ করছে। আগামী দিনেও সেবার মান আরও উন্নত করে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় দেশ মেডিকেয়ারের গত তিন বছরের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রতিষ্ঠানের বিগত দিনের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সভায় দেশ মেডিকেয়ারের যৌথ মালিকানাধীন পরিচালনা পর্ষদের সদস্য আলী আমজদ ভূঁইয়া, আব্দুস সালাম ও সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রজত চন্দ্র দাস ভুলন, শামীম আহমদ, জিল্লুর রহমান জিলু, এম এ কাদির, জাগির হোসেন, আবুল কাশেম অফিক ও আমীর আলী প্রমুখ।
এফপি/মিব