রাজশাহীর তানোরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রকিব (৩৯) এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন (৫৫)। আবদুর রকিবের বাড়ি বাধাইড় ইউনিয়নের ময়েনপুর গ্রামে। অন্যদিকে কামাল উদ্দিন তানোর পৌর এলাকার তেলোপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর তানোর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাঁদের আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব