মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। বুধবার (তারিখ) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।
এসআরবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এফপি/মিব