Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

উখিয়া-টেকনাফে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম  (ভিজিটর : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক তিনটি অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে টেকনাফে ৬৪ বিজিবির সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনে অবস্থান নেন। পরে বিজিবির স্পিডবোট টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে গেলে তাঁরা ইয়াবার বস্তাগুলো পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। টেকনাফ ও উখিয়ার মাদক কারবারিদের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে বিজিবির সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে দেশের সব নাগরিককে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশপ্রেমিক জনগণকে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝