দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে আন্তনগর ট্রেন। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে পাবনা নাগরিক কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাবনা জেলা পরিষদের রশীদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাসার খান জুয়েল।
সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম বিশু বলেন, পাবনা-ঢাকা রুটে ট্রেন চালু হওয়া পাবনাবাসীর জন্য একটি বড় অর্জন। দীর্ঘদিন ধরে এ রেল যোগাযোগ চালুর দাবি জানানো হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের আন্তরিক প্রচেষ্টায় পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এ জন্য তিনি পাবনাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে তুলতে সবার মতামত ও সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ মো. বাহেজ উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাহবুব হোসেন নিলয়ের বাবা মো. আবুল কালাম আজাদ এবং শহীদ জাহিদুল ইসলামের বাবা মো. দুলাল মাস্টার বক্তব্য দেন।
অন্যান্য বক্তার মধ্যে ছিলেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল, পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মলয় কুমার রায় এবং মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রেহানুল ইসলাম বুলাল।
বক্তারা বলেন, পাবনা-ঢাকা রুটে আন্তনগর ট্রেন চালু হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে। এর ফলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ নানাভাবে উপকৃত হবেন। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় তাঁরা সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় 'পাবনা উদ্বোধনী এক্সপ্রেস' নামে বিশেষ ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।
এফপি/মিব