Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

উখিয়ায় প্রকাশ্যে গোলাগুলি: ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার সৈয়দ নুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭), আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) এবং আবু তাহের (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাগুলির ঘটনার পর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫) সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আঞ্জুমানপাড়ায় জাকের হোসেনের মাছের ঘেরের পূর্ব পাড় থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে আঞ্জুমানপাড়ার পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের দেখিয়ে দেওয়া একটি সাদা বাজারের বস্তার ভেতর থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, লোহার তৈরি একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানিয়েছে, ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহিনীটির সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘ঘটনার ছবি ও ভিডিও চিত্র বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তাঁদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে গোলাগুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন জয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পালংখালী বাজারের একটি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘প্রকৃত ঘটনা আড়াল করতে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওই ঘটনার সঙ্গে আমি বিন্দুমাত্র জড়িত নই।’

জয়নাল আবেদীন আরও দাবি করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে স্থানীয় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণকারী একটি চক্রের সঙ্গে তাঁকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচারের জন্য তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত আবুল ফয়েজকে দায়ী করেন।

উদ্ধার করা অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষা করে প্রকৃত মালিকদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের সঙ্গে জয়নাল আবেদীন জয় ও তাঁর অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বটতলী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে গোলাগুলি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গোলাগুলির সময় জয়নাল আবেদীন জয়ের পক্ষের কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে। তাঁদের মধ্যে মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মুন্নাসহ কয়েকজনকে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে প্রকাশ্যে মহড়া দিতেও দেখা গেছে। দুই পক্ষই গুলি ছুড়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রের দাবি, বুধবার বিকেলে জয়নাল ও মুন্নাসহ তাঁদের অনুসারীরা অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় অবস্থান নিলে আবুল ফয়েজের পক্ষের লোকজনের সঙ্গে তাঁদের মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকে আবুল ফয়েজ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আত্মগোপনের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং তাঁদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝