পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মালবাহী ট্রলারের ধাক্কায় গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের সংযোগ সেতুর মাঝের অংশ ভেঙে খালে পড়ে গেছে। এতে দুই ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন আশপাশের অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। দুর্ঘটনার পর থেকে বিকল্প হিসেবে নৌকায় খাল পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে গজালিয়া বাজারসংলগ্ন গজালিয়া খালের ওপর নির্মিত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চরকাজল ইউনিয়নের জন্য বরাদ্দ করা খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল নিয়ে একটি মালবাহী ট্রলার চরকাজলের শিবা এলাকার উদ্দেশে যাচ্ছিল। গজালিয়া খালের ওপর নির্মিত সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় চালকের অসতর্কতায় ট্রলারটি সেতুর স্টিলের কাঠামোয় ধাক্কা দেয়। এতে বিকট শব্দে সেতুর মাঝখানের দুটি পাটাতন ভেঙে পানিতে পড়ে যায়। মুহূর্তেই সেতুর ওপর দিয়ে সব ধরনের চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রায় ২৪০ ফুট দীর্ঘ পুরোনো স্লিপার আয়রন সেতুটির মাঝের অংশ ভেঙে গেছে। কোথাও লোহার কাঠামো ঝুলে আছে, আবার কোথাও পাটাতন ভেঙে পড়ে রয়েছে। দুর্ঘটনার পর আরও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেতু দিয়ে মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অতীতেও একাধিকবার বিভিন্ন যানবাহনের ধাক্কায় সেতুটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে ইটবোঝাই একটি ট্রলির ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে কাঠের পাটাতন বসিয়ে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালেও সেতুর একটি অংশ ভেঙে পড়লে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস কাঠ দিয়ে মেরামতের ব্যবস্থা করেন।
এদিকে পুরোনো সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০২১-২২ অর্থবছরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী এন্টারপ্রাইজ। তবে কয়েক বছর পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর দুই পাশের বেজমেন্ট নির্মাণের পর থেকে কাজের অগ্রগতি দৃশ্যমান নয়। ফলে বিপুল অর্থ ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনো এর সুফল পাচ্ছেন না তাঁরা। পুরোনো সেতুটি ভেঙে পড়ায় দীর্ঘদিনের এই দুর্ভোগ ও নির্মাণকাজের ধীরগতির বিষয়টি নতুন করে সামনে এসেছে।
স্থানীয়দের তথ্যমতে, সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০টি মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করত। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ বাসিন্দার পাশাপাশি গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুরসহ আশপাশের অন্তত ১০ গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ এ সেতু ব্যবহার করেন।
সেতুটি ভেঙে পড়ায় গজালিয়া থেকে ডাকুয়া, কলাগাছিয়া ও উপজেলা সদরে যাতায়াতকারীদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বেড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, রোগী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। অনেকেই বাধ্য হয়ে নৌকায় খাল পার হয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ফকু মিয়া বলেন, ‘আমার মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করে। সেতুটি ভেঙে যাওয়ায় এখন তাকে গজালিয়া বাজার থেকে ঠাকুর বাজার ঘুরে কলেজে যেতে হবে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়বে।’ একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন কলেজছাত্র রোমান গাজীও।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সেতুটি ভেঙে পড়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।’
গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ‘সেতুটি দিয়ে ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও রয়েছেন। সেতুটি ভেঙে পড়ায় সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।’
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘ভেঙে পড়া পুরোনো সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, পুরোনো সেতুটি দ্রুত সাময়িকভাবে মেরামতের পাশাপাশি অসমাপ্ত নতুন সেতুর নির্মাণকাজ শেষ করে দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হবে।