অভাব-অনটন, অসুস্থতা ও স্বামীর অবহেলার কারণে ১৫ মাস বয়সী শিশুপুত্রকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। অবশেষে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে উভয় পক্ষকে হাজির করা হয়। এ সময় শিশুটির মা ও যাঁর কাছে শিশুটিকে দেওয়া হয়েছিল, সেই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে ঘটনাটি প্রশাসনের নজরে আসে।
শিশুটির মা অনিকা আক্তার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় ছেলে আল-আমিন। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।
অনিকা আক্তার বলেন, বিয়ের পর থেকে তাঁর স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। একপর্যায়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। চরম অসহায়ত্বের কারণে ৩০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে অন্যের হাতে তুলে দেন।
তিনি আরও বলেন, ‘আমি নিজেও অসুস্থ। অভাবের কারণে ছেলেকে কাছে রাখতে চাই না। আমি চাই, আমার ছেলে যেখানে ভালো থাকবে, সেখানেই থাকুক। সবাই মিলে ওর ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত নিক।’
জানা গেছে, শিশুটিকে বাগেরহাটের মোংলা পৌর শহরের বাসিন্দা মো. শহিদুল ওরফে ন্যাবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে দেওয়া হয়েছিল।
শিশুটির নানা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়েছে। আমি নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না। এ অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া আমার পক্ষে কঠিন।’
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে কোনো শিশুকে কেনাবেচার সুযোগ নেই। আপাতত আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির দায়িত্ব নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/মিব