পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ এবং শিশুদের জীবনরক্ষাকারী সাঁতার শেখানোর লক্ষ্যে বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হয়েছে ‘সুইমসেফ গ্র্যাজুয়েট’ শিশুদের পুকুরভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মালিপাড়া এলাকায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর উদ্যোগে ‘নিরাপদে ভাসা’ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
বয়সভিত্তিক দুটি গ্রুপে ছেলে ও মেয়েদের পৃথক প্রতিযোগিতায় মোট ৭২ জন শিশু অংশ নেয়। এর মধ্যে ৪২ জন ছেলে ও ৩০ জন মেয়ে শিশু ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সিআইপিআরবির তালতলী উপজেলা কার্যালয়ের এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবির উপপরিচালক আবুল বরকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবির ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো. মেহেদী হাসান, কমিউনিকেশন ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, অ্যাসিস্ট্যান্ট এমএল ম্যানেজার অংশুমন সরকার, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাইরাজ মাঝি এবং চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর। এ সময় সিআইপিআরবির তালতলী প্রকল্প কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২০১৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তালতলীতে প্রায় ১৫ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরেই ২ হাজার ৮০০ শিশুকে সাঁতার শেখানো হয়েছে। বিশেষ করে, চলতি বছর ‘সুইমসেফ—জীবনের জন্য সাঁতার’ কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ৬ থেকে ১০ বছর বয়সী সাধারণ শিশুদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুরাও সাঁতার প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে এবং নিজেদের জীবন রক্ষার সক্ষমতা অর্জন করছে।
আয়োজকদের মতে, শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এফপি/মিব