পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি, মিরেরডাঙ্গা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
এ সময় উপস্থিত ছিলেন কুয়েটের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. কাজী হামিদুল বারী, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু জাকির মোর্শেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, ইআইএএ পরিচালক ইঞ্জিনিয়ার ড. মো. জুলফিকার হোসেন এবং বৃক্ষ উন্নয়ন কমিটির সদস্যসচিব মীর রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলপ্রধান শেখ মো. শামসুদ্দোহা, ফুলবাড়ীগেট শাখার প্রধান ও এজিএম চন্দ্র শেখর রায়, খালিশপুর শাখার প্রধান ও এজিএম মুকুল চন্দ্র দাস এবং দৌলতপুর শাখার প্রধান মো. আসাদুজ্জামান। এ ছাড়া পূবালী ব্যাংক পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিতে পূবালী ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কুয়েট ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শুধু ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেই ভূমিকা রাখবে না, বরং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক অবদান রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এফপি/মিব