Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে: হুইপ দুলু

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকল টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো তুলনামূলক সাশ্রয়ী দামে চিনি কেনার সুযোগ পাচ্ছে। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। এ ছাড়া এসব চিনিকলের সঙ্গে দেশের হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। তাই এ শিল্পকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি।

শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ মাড়াই দিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর পর আবারও নাটোর চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন দুলু।


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝