Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন লিওনেল স্কালোনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই কোচ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত।

চুক্তি নবায়নের ঘোষণা দিতে স্কালোনিকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। এ সময় তিনি বলেন, স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০৩০ বিশ্বকাপে অংশ নিলে দেশটির ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে দল পরিচালনার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

অন্যদিকে, আর্জেন্টিনা দলের সঙ্গে পথচলা আরও দীর্ঘ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘প্রথম দিনের মতোই এখনো আমার মধ্যে একই রকম আগ্রহ ও উদ্দীপনা কাজ করছে। এই পথচলা অব্যাহত রাখতে পেরে আমি আনন্দিত। আমি কৃতজ্ঞ। এখন থেকে আমাদের নতুন একটি প্রক্রিয়া শুরু হচ্ছে।’

২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। পরবর্তী সময়ে তাঁর অধীনে দলটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম সফল ফুটবল দল।

স্কালোনির অধীনে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।

নতুন চুক্তির মধ্য দিয়ে স্কালোনির সামনে এখন ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝