রংপুরের পীরগাছায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। খেতের পাকা ও আধাপাকা ধান নষ্ট করছে পোকা। বারবার কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। উপজেলার বিভিন্ন এলাকায় ধানখেতে পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, আক্রান্ত জমিতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও তেমন সুফল মিলছে না। এ পরিস্থিতিতে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে তৎপরতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম জাতের আমন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে অধিকাংশ জমিতে পাকা ও আধাপাকা ধান দুলছে। এরই মধ্যে বিভিন্ন খেতে পোকার আক্রমণ বেড়েছে। কৃষকদের দাবি, বারবার কীটনাশক প্রয়োগ করেও আক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন এলাকায় গিয়ে দেখা যায়, ধানখেতে পোকা দমনে কীটনাশক স্প্রে করছেন সুফিয়া নামের এক কৃষাণী। তিনি বলেন, ‘এ পর্যন্ত পাঁচবার ওষুধ স্প্রে করেছি। তারপরও পোকা দমন হচ্ছে না। কৃষি বিভাগের কোনো কর্মকর্তা আমার ধানখেত দেখতে আসেননি, প্রয়োজনীয় পরামর্শও দেননি।’
একই এলাকার কৃষক আবুল খায়েরের ধানখেতের বড় একটি অংশ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে বাড়িতে না পেয়ে কথা হয় তাঁর স্ত্রী মিনারা বেগমের সঙ্গে। তিনি জানান, তাঁদের প্রায় আট দোন জমিতে আমন ধানের আবাদ রয়েছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। কৃষি অফিসের কর্মকর্তাদের কাছ থেকেও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন না তাঁরা।
শুধু অন্নদানগর ইউনিয়ন নয়, সদর ইউনিয়নের ভরডোব, চকচকার দোলা, কুমারপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানে পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।
কৃষকদের অভিযোগ, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে আসছেন না। তাঁরা কৃষি কার্ডের জরিপের কাজে ব্যস্ত থাকছেন। কখনো একাধিক কর্মকর্তা একসঙ্গে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। ফলে প্রয়োজনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া কঠিন হয়ে পড়েছে।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধান চাষে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে তাঁদের বাড়তি অর্থ ব্যয় হয়েছে। সার ও পটাশের সংকট এবং বাড়তি দাম উপেক্ষা করে অনেক কষ্টে তাঁরা চাষাবাদ করেছেন। এখন ফসলের গুরুত্বপূর্ণ সময়ে পোকার আক্রমণে তাঁদের সেই বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তাঁদের উদ্বেগ বাড়ছে।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে আমন ধানের ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। এতে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়বে। তাই আক্রান্ত জমি সরেজমিনে পরিদর্শন, পোকার সঠিক ধরন শনাক্ত এবং কার্যকর দমনপদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং লিফলেট বিতরণ করেছি। প্রয়োজনীয় নির্দেশনাসংবলিত ডকুমেন্টসও দেখিয়ে দিয়েছি। ধরুন, ওষুধ স্প্রে করতে হবে ধানের গোড়ায়, কিন্তু কৃষক যদি তা ধানের মাথায় প্রয়োগ করেন, তাহলে সুফল পাবেন কীভাবে? আমি অন্নদানগর ইউনিয়নের অনেক এলাকায় কৃষকদের বাড়ি থেকে ডেকে এনে পরামর্শ দিয়েছি। এখন কোনো কৃষক যদি বলেন, কৃষি অফিস থেকে সেবা পাচ্ছেন না, তাহলে তো তাঁর মুখ আটকাতে পারব না।
এফপি/মিব