কক্সবাজারে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের নির্মাণকাজে যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মাছ অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাঁদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি মৎস্য খাতের উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের ম্যানেজার মি. হাজুই ও মি. ইকেদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল এবং প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা ও বিএফডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অর্থায়ন ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা। ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বছরে মাছ অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে বার্ষিক বরফ উৎপাদনক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে।
এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে। ট্রলার থেকে মাছ অবতরণের জন্য অপেক্ষার সময়ও প্রায় দুই ঘণ্টা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এফপি/মিব