Dhaka, Sunday | 15 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 November 2026 | English
শিরোনাম:

জমজমাট ফাইনালে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম  (ভিজিটর : ১৮)

জমজমাট ফাইনাল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। 

শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ৫৩ রানের ব্যবধানে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সমন্বয় ও লড়াকু মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

ফাইনাল ম্যাচ ঘিরে এবিজি স্পোর্টস সিটিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও খেলোয়াড়দের প্রতি সমর্থন ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহসহ দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। এ ছাড়া উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ক্রিকেট ও ফুটবল উভয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নির্ধারিত প্রাইজমানিও প্রদান করা হয়। পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা খেলোয়াড়সহ বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ অবদান রাখা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ প্রতিভার বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

* চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
* রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটি
* ম্যাচসেরা খেলোয়াড়: ফারহান জানি (ইউল্যাব)
* টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
* টুর্নামেন্টের সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)
* টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
* ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝