চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন তাদের বাবাও।
শুক্রবার সন্ধায় বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. জাহেদ হোসেন চৌধুরী (৪৫) বাঁশখালীর সাবেক উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলম চৌধুরীর ছেলে এবং তার যমজ দুই শিশু হলেন জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)। জাহেদ বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
নিহত জাহেদের স্ত্রী আফিয়া বেগম বলেন, যমজ দুই মেয়ের জন্য মানত করায় শুক্রবার দুপুরের দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তারা। যাওয়ার সময় দুই শিশুকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু স্বামী জাহেদ শিশুদের বাড়িতে রেখে যাওয়ার কথা বলেন। তার যুক্তি ছিল, বাইরে গেলে শিশুরা পায়খানা-প্রস্রাব করতে পারে। বিকেলে বাড়িতে ফিরে দেখতে পাই, ঘরের দরজা-জানালা সব বন্ধ। পরে আমাদের সবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘শুক্রবার দুপুরে তার স্ত্রী, শাশুড়ি ও পরিবারের লোকজন স্থানীয় একটি এতিমখানায় গিয়েছিলেন। বাড়িতে দুই যমজ সন্তান নিয়ে ছিলেন জাহিদ। স্ত্রী-শাশুড়ি ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘরের দরজা ভেঙে লাশগুলো দেখতে পান। পরে পুলিশ তিনটি লাশ উদ্ধার করেন।’
পুলিশের প্রাথমিক ধারণা, জাহিদ হোসেন (৪৫) নামে ওই ব্যক্তি দুই মেয়েকে ‘শ্বাসরোধে হত্যার’ পর গলায় ফাঁস দিয়েছেন। পুলিশ জানায়, ঘরের দরজা ভেঙে ঘরে ডুকলে দেখা যায় শিশু সন্তান দুইটি খাটে শোয়ানো ছিল। আর জাহিদ হোসেন ঘরের চালের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলেছিলেন। আমাদের ধারণা দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর জাহিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের সৎ ভাই শাহেদুল আলম চৌধুরী বলেন, বিয়ের পর থেকেই জাহেদ ভাই শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা কিছু বুঝতেছিনা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে বলেও তিনি মন্তব্য করেন।
বাঁশখালী থানার (ওসি) মো. রবিউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এফপি/অ