Dhaka, Sunday | 15 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 November 2026 | English
শিরোনাম:

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম  (ভিজিটর : ৫৩)

আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও দিন দিন বাড়ছে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এমনকি পায়ে সংক্রমণ ও ক্ষত তৈরি হয়ে পরিস্থিতি জটিল হলে অঙ্গচ্ছেদের প্রয়োজনও হতে পারে।

তবে সময়মতো রোগ শনাক্ত, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনে টাইপ-২ ডায়াবেটিসের অনেক ক্ষেত্রেই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তার বাণীতে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। এটি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত চিকিৎসা ও সচেতন জীবনযাপন জরুরি। রোগটি অনিয়ন্ত্রিত থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেও একজন মানুষ দীর্ঘদিন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। এ জন্য প্রত্যেককে নিজের পরিবার, কর্মস্থল ও সমাজে রোগটি সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ডায়াবেটিস এখন বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে।

তিনি বলেন, সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা গ্রহণের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগও প্রয়োজন। 

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগ মোকাবিলায় সরকার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ ভিত্তি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা, গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ইনসুলিন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন উপলক্ষে দিনটি নির্ধারণ করা হয়েছে। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দিবসটি পালনের সূচনা হয়। পরে বাংলাদেশের উদ্যোগে ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য কর্মসূচি আয়োজনের কথা রয়েছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ডায়াবেটিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং রোগ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝