Dhaka, Sunday | 15 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 November 2026 | English
শিরোনাম:

মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরন মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম  (ভিজিটর : ৪৫)

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালী নামের একজনকে আসামি করা হয়েছে। তবে বিস্ময়কর বিষয় হলো, তিনি ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন। চলতি বছরের ২৯ মার্চ তাঁর মৃত্যু হলেও গত ৯ নভেম্বর দিবাগত রাতে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে তাঁর নাম রয়েছে ২১৯ নম্বরে।

মৃত সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

মামলার নথি অনুযায়ী, পদ্মা সেতু দক্ষিণ থানায় দায়ের করা মামলায় সামচু ঢালীর নাম উল্লেখ করা হয়েছে। অথচ তাঁর মৃত্যুর তারিখ গত ২৯ মার্চ। অর্থাৎ মামলায় বর্ণিত ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে ১২ নভেম্বর সকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই এজাহারেই ২১৯ নম্বরে সামচু ঢালীর নাম রয়েছে।

একজন ব্যক্তি ঘটনার আগেই মারা গেলে পরবর্তী সময়ে সংঘটিত কোনো ঘটনায় তাঁকে কীভাবে এজাহারভুক্ত আসামি করা হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এজাহার প্রস্তুতের সময় আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, সেটিও সামনে এসেছে।

বিশেষ করে মামলার বাদী কী তথ্যের ভিত্তিতে সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত করেছেন, তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং নামটি অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো তথ্যগত ভুল হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে, মৃত শামচু ঢালীকে মামলার আসামি করার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে।

একটি পোস্টে বিদ্রূপ করে লেখা হয়েছে, তিনি এক বছর আগে মারা গেলেও দলের প্রতি এতটাই নিবেদিত যে আন্দোলন দেখে কবরে শুয়ে থাকতে পারেননি, উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। মামলার বাদী তাঁকে স্বচক্ষে এমন কর্মকাণ্ড করতে দেখে এজাহারভুক্ত আসামি করেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে উক্ত মামলার বাদী পদ্মাসেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, “আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।”

জানতে চাইলে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝