পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের দুই দিন পর সন্ধ্যায় নদী থেকে মো. সিয়াম রাঢ়ী (১০) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ১০ নম্বর সারেংকাঠি ইউনিয়নের রাজাবাড়ি লঞ্চঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম উপজেলার গোবিন্দগুচ্ছ গ্রামের মো. আরিফ রাঢ়ীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সিয়াম। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা নদীসহ বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি চালিয়ে আসছিলেন। শনিবার সকালে রাজাবাড়ি খেয়াঘাটের এক মাঝি নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে শিশুটির নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। স্থানীয়দের দাবি, সিয়ামকে নিয়ে পরিবারে আগে থেকেই বিরোধ ছিল। এমনকি শিশুটি নিজের সন্তান নয়—এমন ইঙ্গিতও দিতেন তার বাবা আরিফ রাঢ়ী বলে এলাকাবাসীর কেউ কেউ জানিয়েছেন। এ নিয়ে পরিবারে বিরোধ চলছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার দিন বাবা-ছেলে নদীতে মাছ ধরতে গেলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। এরপর থেকে আরিফ রাঢ়ীকে এলাকায় দেখা যাচ্ছিল না। শনিবার সকালে একতা বাজার এলাকা থেকে তাঁকে ধরে থানায় নিয়ে আসা হয়। তবে শিশুটির মৃত্যুর পেছনে তাঁর বাবার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শিশুটির মাথায়, গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির নেতা রাসেল ফকির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁর ভাষ্য, আরিফ রাঢ়ী বাক্প্রতিবন্ধী বলে তিনি শুনেছেন। বৃহস্পতিবার শিশুটি বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। শনিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে গুয়ারেখা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎ বলেন, নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের বিষয়টি তাঁরাও স্থানীয়দের কাছ থেকে শোনা যাচ্ছে। শিশুটির বাবা আরিফ রাঢ়ী বাক্প্রতিবন্ধী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/অ