পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতে ধর্মীয় আবহে মুখর হয়ে উঠেছিল পিরোজপুরের নেছারাবাদ। বিশ্বের সাত দেশের খ্যাতিমান ক্বারীদের কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উস্তাজুল ক্বিরাত মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাত দেশের খ্যাতিমান ক্বারীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। তাঁদের মধ্যে ছিলেন মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় হাফেজ ও ক্বারীরাও সম্মেলনে অংশ নেন।
আয়োজকেরা জানান, মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষের মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত ছড়িয়ে দেওয়া এবং কোরআনের প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। বিশ্ববরেণ্য ক্বারীদের তেলাওয়াত শোনার জন্য নারীদের বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়। মাঠের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় প্রজেক্টর। পাশাপাশি দূর-দূরান্তের মানুষ যেন কোরআনের তেলাওয়াত শুনতে পারেন, সে জন্য উপজেলার বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থাও করা হয়।
এফপি/মিব